বাবা শব্দটাই যেনো একটা শক্তি তাইনা?
গতকাল বাসে জার্নি করার সময় আমার সামনের সিটে বসেছিলো দুটো পিচ্চি ছেলে আর তার সামনে তাদের বাবা-মা। এসি থাকা স্বত্তেও বাচ্চাটা বারবার ঘামছিলো একটু পরপর, সম্ভবত তার শরীর বেশ খারাপ লাগছিলো। এরপরে তার বাবা সামনের সিট থেকে এসে দাঁড়িয়ে রইলেন ছেলের পাশে। নিজের পকেট থেকে রুমাল বের করে মুছে দিলেন নিজের ছেলের কপাল। এরপরে পানি খাইয়ে দিলেন। বাচ্চাটা একটু পরপর এরকম অসুস্থ হয়ে যাচ্ছিলো। আর তার বাবার সেই একই রুটিন।
কিছুক্ষণ পরে শর্ট একটা জার্নি ব্রেক শুরু হলো। এই ব্রেকের পরেই বাবা সামনের সিট ছেড়ে এসে বসলেন তার পাশে, নিজের আরেক ছেলেকে মায়ের পাশে বসিয়ে দিলেন। এরপরে ছেলের মাথা নিজের কাধে রাখলেন। হাত বুলিয়ে দিলেন। মনে হচ্ছিলো যেনো, তিনি তার শেখা কিংবা জানা সর্বোচ্চ যত্নটুকু করে যাচ্ছিলেন নিজের অসুস্থ হয়ে যাওয়া ছেলেকে। আমি সেদিকেই তাকিয়ে ছিলাম অপলক দৃষ্টিতে। আমার মাথায় তখন আমার বাবার স্মৃতি ঘুরঘুর করছিলো। আমার জীবনে খুব কম সময়ই সৌভাগ্য হয়েছে বাবার সাথে জার্নি করার। যা হয়েছে তাও বেশ ছোটবেলায়। তখন প্রায়ই আমি টায়ার্ড হয়ে ঘুমিয়ে যেতাম জার্নিতে। বাবা তখন আমার মাথা নিজের কাঁধে রেখে চেপে ধরে রাখতেন, যাতে আমার মাথাটা না নড়ে, আমার ঘুম যাতে ভেঙ্গে না যায়।
একবার বাবার সাথে কুয়াকাটা গিয়েছিলাম ২০০৯ সালে। রাতের জার্নি প্রিয় থাকায়, পুরো রাস্তা আর ঘুমালাম না। সকাল হতে না হতেই ঘুম চলে এলো আমার। না দেখতে পেরেছিলাম সূর্যোদয়, না সূর্যাস্ত। পুরো বাসের মধ্যে কেবল আমিই সারাটাদিন ঘুমিয়েছি। আর ঘুমের মধ্যে টের পাচ্ছিলাম, আমার বাবা আমাকে ডাকছে। গোসল করবো কিনা, কিছু খাবো কিনা, আরও কতো কি। যেখানে বাকি সবাই ঘুড়ে বেড়াচ্ছে তখন, সে এসে বারবার আমাকে দেখে যাচ্ছিলো আমি ঠিক আছি কিনা, কিংবা উঠে আবার ভয় পাচ্ছি কিনা।
গতকালকের বাসে দেখা সেই বাবাটার আদর যত্ন আমাকে এসবই মনে করাচ্ছিলো। আর মনে হচ্ছিলো, কতো দ্রুতই বাবাকে হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম একটা বিশাল ছায়া। আর ঠিক তার পরপরই, কতো দ্রুত বদলে যেতে লাগলো এই জীবনের গতিপথ…
