দারুচিনি দ্বীপ ছবিটার শেষের দিকে একটা ডায়ালোগ আছে, “দরিদ্রতা আমার ভালোবাসার অধিকার কাইড়া নিছে।” যদিও এটা একটা বাবার তার মেয়েকে উদ্দেশ্য করে বলা একটা লাইন, তবুও এই লাইনটার গভীরতা অনেক বেশি। সিনটা ছিলো ঠিক এরকম, নিজের মেয়ের সাথে সবসময় কড়া গলায় কথা বলেন বাবা। সেদিনও তার ব্যতিক্রম ছিলোনা। মেয়ে তার বাবার দিকে তাকিয়ে বললেন, “বাবা আমার সাথে একটু নরম ভাষায় কথা বলতে পারো? অনেকদিন বলোনা”, এরপরেই কাঁদতে শুরু করে বাবা-মেয়ে। তখনই বাবা মেয়েকে উদ্দেশ্য করে এই লাইনটা বলেন।

আমি গভীরভাবে অনুভব করলাম এই লাইনটা অনেক শক্তিশালী। শুধুমাত্র বাবা-মেয়ের ক্ষেত্রেই না, ভালোবাসার ক্ষেত্রেও। উপলব্ধি করলাম, বর্তমানে আমরা ঠিক এই দরিদ্রতার অভাবেই ভালোবাসতে ভুলে যাচ্ছি। জীবন, ক্যারিয়ার ইত্যাদির মাঝখানে যেনো একটা লুপ চলছে সবসময়। সারাদিন পরিশ্রম করছি শুধুমাত্র একটাই আশায়, ভবিষ্যতটা হয়তো সুন্দর হবে। এখন একটু কষ্ট করলে হয়তো ভবিষ্যতের জীবনটা সুখে কাটানো যাবে। এই চাওয়াটা বেশ সুন্দর এবং বাস্তব। তবে এর উল্টো পিঠও আছে। যেমন ধরুন, এই জীবনটাকে ব্যস্ত করতে গিয়ে, জীবনটাকে সুন্দর করে গড়তে গিয়ে, আপনি আপনার বাবা-মায়ের সাথে এক টেবিলে বসে ভাত খাবার সময় পান না, কিংবা আপনি তাদের থেকে দূরে থাকেন এবং সারাদিনের ব্যস্ততায় তাদেরকে ফোন করে খোঁজ নেওয়ারও সময় পান না। যখনও সময় পান, তখনও সেটা ভালোবাসার চাইতে বেশি নিত্যদিনের অভ্যাস আর দায়িত্ববোধ থেকেই, তবে সেখানে মোটাদাগে ভালোবাসা খুঁজতে গেলে পাবেন না বোধহয়। এই স্ট্রাগলে, আপনার প্রিয় মানুষটাকে সময় দেওয়া হচ্ছেনা, একসাথে হয়তো আছেন, কিংবা ভবিষ্যতে থাকবেন, তার খারাপ লাগা, ভালো লাগাকে বুঝার মতো সময়টুকুও নেই আপনার হাতে, সে কিসে অভিমান করে, কিসে করেনা সেটাও আপনি বুঝতে পারেন না, দিনে দিনে আপনাদের দূরত্ব বাড়ে, অথচ, আপনারা স্বপ্ন দেখেছিলেন একসাথে সুন্দরভাবে বাঁচবেন, আর মাত্র কয়েকটা দিন কষ্ট করেই। জীবন গড়িয়ে যাচ্ছে, আর আমরা তখনো দরিদ্রতা এবং মধ্যবিত্তের লুপে আটকা। সুন্দর একটা জীবন চাইতে গিয়ে, নিজেদের বর্তমানকে পড়ার টেবিলেই হারিয়ে ফেলছি আমরা। আদৌতেও জানিনা, যাদের নিয়ে আমরা বাঁচতে চাই, তারা ঠিক আমাদের বর্তমান পেরিয়ে ওঠা পর্যন্ত থাকবেন কিনা, কিংবা আমরাই সেই পর্যন্ত টিকে থাকবো কিনা। কিন্তু, ঠিক যেই স্বপ্নটা আমাদেরকে বাঁচায়, কষ্ট করায়, সেই একই স্বপ্ন, আমাদেরকে আমাদের আপনজনের থেকে দূরেও ঠেলে দেয়।

পড়ার টেবিলে বসে যখন আপনি আপনার সিলেবাস নিয়ে ভাবছেন, ঠিক সেই সময় আপনার প্রিয় মানুষটা আপনার গতকাল রাতের কোনো একটা কথায় কষ্ট পেয়ে বসে আছে, আপনি জানেনও না। কারণ, অন্য সময়ে তার যেই গলা শুনলেই আপনি বুঝে যেতেন, সামথিং ইজ রং, সেই গলায় এখন আর আপনি সেটা খুঁজে পান না। কারণ, আপনার সেই সময়টাই নেই। যেই রাগ-অভিমান আপনি ভাঙ্গাতেন রাত-দিন বসে, এখন ঠিক সেই রাগ-অভিমানই আপনার কাছে বোঝা। কারণ, আপনি স্বপ্ন পূরণে ব্যস্ত। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের কাটছে এভাবেই। কেউবা অফিসে বসে, কেউবা পড়ার টেবিলে। সবাই আমরা একই দিকে দৌঁড়াচ্ছি, যেখানে হোঁচট খেলে হয়তো হারাবো নিজেদের সেই স্বপ্নে দেখা ভবিষ্যত, আর জিতে গেলে, বাঁচতে হবে এমন কিছু নিয়ে, যেটা বহুদিন ধরে ঠিক না করতে করতে, গ্রামের ছবিতে থাকা দিগন্তের মতো দূরে। অথচ, আমাদের এই এক জীবনে কতো ভালোবাসা দেওয়ার ছিলো, আমাদের বাবা-মায়েদের, পরিচিতদের, কতো সময় দেওয়ার কথা ছিলো আমাদের প্রিয় মানুষদের, বন্ধুদের। কিন্তু, নিজের ক্যাটেগরী পরিবর্তনের লুপে আমরা আটকা। জমে থাকা ভালোবাসাগুলো যখন বর্তমান থেকে ভবিষ্যতে যাবে, আমাদের স্বপ্নটা পূর্ণতা পাবে, ঠিক তখনো হয়তো সারাদিনের ব্যস্ততা আমাদের ওই একই লুপেই আটকে রাখবে। বাসায় ফিরে ক্লান্ত হয়ে আমরা ঘুমের রাজ্যে চলে যাবো, নিজের প্রিয় মানুষটা, আমাদের বাবা-মা, তাদের দিকে তাকিয়ে নিজেদেরকে বলতে পারবোনা, “এইটুকুই আমার আছে, এটাই আমার পৃথিবী।” কিছুই কি বদলাবে? কিছুই বদলাবেনা! এখনকার স্ট্রাগল হয়ে যাবে তখনকার চাকরি। অথচ, কতো ভালোবাসা নিজের প্রিয় মানুষগুলোর জন্য এই স্ট্রাগলের সময়েই জমা রেখেছি আমরা, তা যদি তাদেরকে বোঝানো যেতো! কিন্তু সময়? নেই!

নিজের ভালোবাসাকে বুকে চেপে রেখে, অপ্রকাশ্য রেখে, দরিদ্রতা আর মধ্যবিত্তের অভিশাপ কাটাচ্ছি আমরা। দিনের পর দিন, সেই অভিশাপে শেষ হচ্ছে আমাদের ভালোবাসা, আর সেটা প্রকাশের ক্ষমতা, কারণ আমরা সবাই ব্যস্ত! তাইতো শেষমেষ, কাজী নজরুল ইসলামের মতো করে বলতে হয়, “হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।”