সাল ২০১৮ কিংবা ২০১৯, সঠিক মনে নেই। তখন সারাদিনই ক্রাইম থ্রিলার দেখে দিন কাটাই আমি। কোনো কাছের বন্ধু কিংবা পরিচিত কাউকে পেলেই তাকে বলি, আমাকে কিছু ভালো মুভি সাজেস্ট করতে; থ্রিলার হলে সবচেয়ে বেশি ভালো হয়। তখনই কেউ একজন পরামর্শ দিয়েছিলো ‘ইনসেপশন’ মুভিটার। বাসায় এসে ট্রেইলার দেখলাম। আমার মনে হয়েছে, এই মুভি সম্ভবত আমার পছন্দের কাতারে পরে না। কিন্তু সেই মূহুর্তে আর কোনো ভালো মুভি বাকেট লিস্টে না থাকায়, সেদিন রাতে দেখতে শুরু করি ‘ইনসেপশন’…
২ঘন্টা ২৮মিনিট রানটাইমের এই ছবিটা দেখে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় সেদিন। মনে হচ্ছিলো, সিনেমা বলতে মূলত যা এতোদিন বুঝতাম তা আসলে ভুল। সিনেমার যে আসলে কোনো লিমিট হয়না সেটা খুব ভালোভাবেই টের পেয়েছিলাম সেদিন। মুভিটা শেষ করে যখন হতভম্ব হয়ে বসে আছি, তখন মাথায় আসছিলো হাজারো ভাবনা। একটা ডিরেক্টরের মাথা যে এরকম তুখোড় হতে পারে, সেটা ভাবতে গিয়েই অবাক হয়ে যাচ্ছিলাম সেদিন। বহু আর্টিকেল আর ইউটিউবে রিভিউ দেখে দেখে মাথা আরও খারাপ হয়ে যাচ্ছিলো। সিনেমার ভেতরে থাকা নতুন নতুন টার্ম, ডিফারেন্ট ফিল্মমেকিং টেকনিক, স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ডিরেক্টিং, অ্যাক্টিং সম্পর্কে আবিষ্কার করতে লাগলাম বহু জিনিস। আরও যে কতোকিছু! সিনেমা বহু আগে থেকেই দেখা শুরু করে থাকলেও, সেদিন থেকেই সিনেমাকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোটা বদলে গেলো আমার। আগ্রহ জন্মালো সিনেমা নিয়ে, গল্প নিয়ে, মোদ্দাকথা ফিল্মমেকিং নিয়ে।
তখন ফেসবুকে অনেকের কভার ফটোতে দেখতাম একটা ফটো, যেখানে লেখা, “Good films make your life better”… আমি এটার মানে বুঝতাম না। ভালো ছবি কিভাবে আমার জীবনকে বেটার করবে? হ্যা, ছোটবেলায় আমি হুমায়ূন আহমেদের ছবি থেকে শুরু করে আরও অনেক ডিরেক্টরের বহু ছবি দেখেছি, নাটক দেখেছি, হেসেছি, কেঁদেছি, আরও কতো কী। তবে সেটা আমার জীবনকে কীভাবে বেটার করবে? তবে ‘ইনসেপশন’ আমার ধারণা পুরোপুরি বদলে দিলো। বুঝতে শিখলাম, ডিরেক্টর, ফিল্ম, স্টোরির বাইরেও একটা সিনেমা মূলত আরও অনেক কিছু, যা হয়তো আমাদের শান্তি দেয়, ভাবায়। আবার সেই ছোটবেলার মতো হাসায়, কাঁদায়, তবে এবার একটু ভিন্নভাবে, সম্ভবত জীবনবোধে।
ওইদিন থেকেই আমার পছন্দের মুভি হয়ে গেলো, ‘ইনসেপশন’, আমি রীতিমতো গবেষণা করেছি বহুরাত ওই একটা সিনেমা নিয়েই। যেটার ঘোর থেকে বের হতেই পারছিলাম না। একই ধরণের আরও সিনেমা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কিছুদিনের মধ্যেই আমার মুখস্থ হয়ে গিয়েছিলো ওই সিনেমার প্রতিটা সিন, প্রতিটা ডায়ালোগ। এরপরে একে একে দেখে ফেললাম ক্রিস্টোফার নোলানের বাকি সিনেমাগুলো। তবে বাদ রয়ে গিয়েছিলো শুধুমাত্র একটা, সেটার নাম, ‘ইন্টারস্টেলার’
‘ইন্টারস্টেলার’ না দেখতে চাওয়ার পেছনে একটা কারণ ছিলো, সেটা হচ্ছে সিনেমাটার জনরা। ‘ইনসেপশন’-এর অবদানে ততদিনে বহু সিনেমা ভালো লাগতে শুরু করলেও, সাই-ফাই সিনেমার প্রতি প্রেম তখনো জাগাতে পারিনি। যদিও ‘ইনসেপশন’-ও ছিলো তাই, তবুও পদার্থবিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্ব এই বিষয়গুলো নিয়েও যে খুব বেশি আগ্রহ আমার ছিলো এমনও না। এটাও একটা কারণ।
সাল ২০২০, প্রায় ৩ বছর পরে আসতে যাচ্ছে নোলানের নতুন ফিল্ম ‘টেনেট’। আমি যখন থেকে নোলানের সিনেমা দেখা শুরু করি, সেই সময় থেকে তখনো পর্যন্ত নোলানের আর কোনো সিনেমাই রিলিজ হয়নি। এটাই প্রথম। তাই ভাবলাম ‘ইন্টারস্টেলার’ বাদ রেখে আর লাভ কী, এটাও দেখে ফেলি। যেই ভাবা সেই কাজ। মুভিটার রানটাইম ২ঘন্টা ৪৯মিনিট। আমি দেখতে শুরু করলাম, এবং দেখতে দেখতে আমি ডুবে গিয়েছিলাম সেই মুভির ভেতরে। যেই ছেলেটাকে কখনোই বিজ্ঞান টানতো না, পদার্থবিজ্ঞানকে যে ঘৃণা করতো মনে-প্রাণে, সেই ছেলেটার ভালোবাসা জন্মে গেলো এই জিনিসগুলোর প্রতি। ভাবতে লাগলাম, কী ভুল যে করেছি, এইসব বিষয়কে আসলে এতোদিন আমলে না নিয়ে, আরও দারুণ অনেক কিছু বোধহয় শিখতে পারতাম, জানতে পারতাম, আরও কতো কী! মুভি দেখার পরে।
এগুলো তো সিনেমাটা দেখার পরে শুধু জীবনকে নিয়েই রিগ্রেট, কিন্তু মুভিটা আসলে কেমন লেগেছিলো আমার? সেটা এখন বলি। ২০১৪ সালে রিলিজ পাওয়া একটা ছবি এতো দারুণ হবে আমার ধারণারও বাইরে ছিলো। আমার মনে হচ্ছিলো, এটা ফিউচার থেকে তৈরি হয়ে আসা কোনো ছবি। ভিজুয়াল থেকে শুরু করে সবকিছু এতো দুর্দান্ত যা বলার বাইরে। ডাইমেনশন, আমাদের পৃথিবীর বাইরে সময়ের ছোট কিংবা বড় হয়ে আসা, এই কনসেপ্টগুলো এতো সুন্দর ভাবে প্রেজেন্টেড হয়েছে এই সিনেমায় যা বলার মতো না। তবে, তবে, তবে, আমার সবচেয়ে বেশি পছন্দের অংশ ছিলো এই সিনেমার ইমোশনাল ডেপথ! যদিও নোলানের প্রতিটা ছবিতেই একটা ‘হিউম্যান টাচ’ থাকে। বর্তমান সময়ে মুক্তি পাওয়া ‘দ্য ওডিসি’-তে সে দেখালো সেই চিরচেনা ওডিসিয়াস চরিত্রের বাড়ি ফেরার পথে হওয়া বিপত্তিগুলো, তার মানসিক অবস্থা থেকে শুরু করে আরও কতো কি! ‘দ্য ওডিসি’-র আগে মুক্তি পাওয়া ‘ওপেনহেইমার’-এ হিরোশিমা-নাগাসাকিতে হওয়া ধ্বংসযজ্ঞের পরে ‘দ্য ফাদার অফ অ্যাটমিক বম্ব’-এর মানসিক অবস্থার অবনতি! কিন্তু, সবকিছুর পরেও, ‘ইন্টারস্টেলার’-এর ইমোশনাল ডেপথ আমার কাছে সবার ওপরের দিকে থাকে। (নিচে স্পয়লার)
বাবা অসীমের উদ্দেশ্যে যাত্রা করার আগে তার মেয়ের রাগের কাছে হেরে গিয়ে আকুতি-মিনুতি করছে, আর বলছে, “Murph, don’t make me leave like this. Come on, Murph! Don’t make me leave like this, Murph!……” একটু থেমে আবারও, “Hey…I love you. Forever. You hear me? I love you forever. And I’m coming back. I’m coming back.”
এই কথাগুলো বলার আগেই, সে তার মেয়েকে একটা ঘড়ি উপহার দেয়, আর বলে, ফিরে আসার সময় তাদের দুজনের ঘড়ি নাকি দুই রকমের সময় দেখাবে। ভীষণ জেদি মেয়ের কাছ থেকে বিদায় না পেয়ে সেদিন চলে যায় কুপার। সে নিজেও জানে না, যেই যাত্রা আজ সে শুরু করতে যাচ্ছে, সেই যাত্রার শেষটা ঠিক কোথায়, বা আদৌতেও সে আর কখনো তার মেয়ের কাছে ফিরতে পারবে কিনা!
সিনেমার কোনো এক পর্যায়ে ডক্টর ব্র্যান্ড কুপারকে সাজেস্ট করে এডমন্ডস-এর গ্রহে যাওয়ার জন্য, যেটা তার মতে পৃথিবীর বেস্ট অল্টারনেটিভ হতে পারে। এই গ্রহের নাম বলার পেছনে থাকা ডক্টর ব্র্যান্ডের উদ্দেশ্যটা হচ্ছে, ওই গ্রহ থেকে যিনি সিগন্যাল পাঠাচ্ছে ডক্টর ব্র্যান্ড তাকে ভালোবাসে। ডক্টর ব্র্যান্ডের সাথে চলতে থাকা কথোপকথনে কুপার বলে, “You’re a scientist, Brand.” ডক্টর ব্র্যান্ড বলে, “So listen to me when I say that love isn’t something we invented. It’s observable, powerful. It has to mean something. Love has meaning, yes………. Love is the one thing we’re capable of perceiving that transcends dimensions of time and space. Maybe we should trust that, even if we can’t understand it yet. Yes, the tiniest possibility of seeing Wolf again excites me. That doesn’t mean I’m wrong.”
কী অদ্ভুত সুন্দর ডায়ালোগ! ভাবা যায়? কুপার সায়েন্টিস্ট হিসেবে যেই জিনিসকে প্রায়োরিটি দিতে একদমই আগ্রহী না, ডক্টর ব্র্যান্ড সেই জিনিসটাকে নিয়ে ঠিক কতোটুকু সিরিয়াস! তবুও কুপারের বাস্তবিক চিন্তাভাবনায় তাদের আর যাওয়া হয় না সেই গ্রহে!
সিনেমার শেষের দিকে একটা সময় আসে, যখন কুপার আটকা পড়ে যায় একটা অদ্ভুত ডাইমেনশনে। সে বুঝতে পারে, এটা একটা ছোট্ট মেয়ের বেডরুম, মেয়েটার কাটানো প্রতিটা মুহূর্ত, এবং সবকিছু! এবং সে লক্ষ্য করে এটা আসলে তার নিজেরই সেই ছোট্ট মেয়ে মার্ফের বেডরুম। সে তার সেই ছোট্ট মেয়েকে সিগন্যাল পাঠাতে চায়, এবং সে জানে, কীভাবে টাইম, এবং স্পেসের বাইরে গিয়ে সেটা সে করবে! তখন সে তার সাথে থাকা রোবট টার্সকে বলে, “That’s why I’m here. I’m gonna find a way to tell Murph, just like I found this moment.” TARS: How, Cooper? “Love, TARS, love.”
কী অসাধারণ! শুধুমাত্র ভালোবাসা দিয়ে টাইম এবং স্পেসের বাউন্ডারি ক্রস করতে চাওয়া! কিন্তু, সেটার জন্য কী দরকার? একটা মিডিয়াম, সেটা কী? গ্রাভিটি! কিন্তু শুধুই গ্রাভিটি? না! আর, এখানেই ফিরে আসে তার মেয়েকে দিয়ে আসা সেই ঘড়িটা…ভবিষ্যৎ থেকে পাঠানো সেই সিগন্যাল, যা ছোট্ট সেই মেয়েটার উদ্দেশ্যে পাঠালেও টাইম আর স্পেসের এই সমস্ত বাধা পেরিয়ে পৌঁছে যাচ্ছে তার বড় হয়ে যাওয়া মেয়ের কাছে! শুধুমাত্র ভালোবাসার জোরে।
মেয়ের সাথে পরবর্তীতে যখন কুপারের দেখা হয়, তার সেই ছোট্ট মেয়েটা ততোদিনে বুড়ো হয়ে গেছে, এবং কুপার দেখতে তখনো ঠিক আগের মতোই! তার মেয়ে তাকে বলে, “People didn’t believe me. They thought that I was doing it all myself. But… I knew who it was. Nobody believed me. But I knew you’d come back.” Cooper: How? “Because my dad promised me.” Cooper: Well, I’m here now, Murph. I’m here. যেই বাবা ছোট্টবেলায় তাকে বলে গিয়েছিলো, “I love you forever. And I’m coming back. I’m coming back.” সে এখন তার মেয়েকে বলছে, “Well, I’m here now, Murph. I’m here.”
প্রিয় মানুষগুলোকে ভালোবাসার লিমিট ঠিক কতোখানি, কথা দিয়ে কথা রাখতে চাওয়ার সেই চেষ্টার ক্ষমতা ঠিক কতোখানি, সবকিছু কি দারুণভাবে উঠে এসেছে এই সিনেমার প্রতিটা বাক্যে, প্রতিটা শব্দে, প্রতিটা সিনে…
ওইদিকে, ডক্টর ব্র্যান্ডকে পাঠানো হয়েছে, তার ভালোবাসার সেই মানুষটার গ্রহে, যেখানে সে বসে আছে, নিঃশ্বাস নিচ্ছে। হ্যা, স্পেস হেলমেট ছাড়াই!
কী এক্সট্রাঅর্ডিনারি রাইটিং, কী দারুণ কনসেপ্ট। ভালোবাসা নামক একটা শব্দ, টাইম আর স্পেসের ব্যারিয়ারকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, ডক্টর ব্র্যান্ডকে গাট ফিলিংস হিসেবে জানান দিচ্ছে–তার ভালোবাসার মানুষটার গ্রহ-ই পৃথিবীর একমাত্র অল্টারনেটিভ, কুপারকে বুঝিয়ে দিচ্ছে–তার সেই বড় হয়ে যাওয়া মেয়েটাকে, পৃথিবীর বাইরের ভিন্ন একটা ডাইমেনশন থেকে সিগন্যাল দেওয়ার রাস্তা! জাস্ট অবাক করে দেওয়ার মতো অসাধারণ!
কুপার বিশ্বাস করে–তার মেয়ে তার দেওয়া এই সিগন্যালকে অবশ্যই ধরতে পারবে, এবং অপেক্ষা করবে। এই সিগন্যাল মার্ফের কাছে পৌঁছাবেই; কারণ মার্ফ তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে এবং সে জানে তার বাবা যেহেতু তাকে কথা দিয়েছে সে ফিরবে–সেহেতু সে ফিরবেই…
একটা সাই-ফাই মুভিতে পদার্থবিজ্ঞানের এতো এতো কমপ্লেক্স থিওরি–ওইদিকে মহাবিশ্বের কোথাও, কোনো একটা ডাইমেনশনে বসে, একজন বাবা শুধুমাত্র এই বিশ্বাসের উপরে টিকে আছে যে, তার মেয়ে তাকে অনেক ভালোবাসে; তাই সে ভবিষ্যৎ থেকে পাঠানো সেই সিগন্যাল ঠিকই বুঝবে, তার বাবা তার কথা রাখবে, তার বাবা ফিরবে… কারণ কি? সমস্ত কমপ্লেক্স থিওরি ছাড়িয়ে যাওয়া জাস্ট ছোট্ট একটা শব্দ–“ভালোবাসা…”, দ্যাটস ইট!
কি অদ্ভুত রকমের সুন্দর! মহাবিশ্বের বিশালতা চিন্তা করলে, সেই হিসেবে খুব তুচ্ছ একটা বিষয়, ভালোবাসা। তাই না? কিন্তু, এই ছোট্ট একটা শব্দকে কি দারুণভাবে উপস্থাপন করেছে মিস্টার নোলান এই সিনেমায়। এই জিনিসটাই আমাকে ভাবিয়েছে, শিখিয়েছেও অনেক কিছু। আর ছবিকে, চলচ্চিত্রকে, সিনেমাকে–আপনি যেই নামেই ডাকেন–সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি আমার পুরোপুরি বদলে গিয়েছে সেদিন রাতে। তাই এতো বছর পরেও, আজকের দিনে এসে কেউ আমার প্রিয় সিনেমার নাম জিজ্ঞেস করলে, আমি দ্বিধা ছাড়াই বলি–‘ইন্টারস্টেলার’
কয়েকবছর আগে পর্যন্ত আমার এই মুভিটা সিনেমা হলে দেখতে না পারার খুব আফসোস ছিলো। কিন্তু শেষবার যখন নোলান অস্কার পেলো, তখন স্টার সিনেপ্লেক্স এনেছিলো নোলানের এই মুভিটা। সিনেমা হলে ‘ইন্টারস্টেলার’-কে এক্সপেরিয়েন্স করতে যাওয়ার জন্য আমি ঠিক কি পরিমাণ মরিয়া হয়ে ছিলাম সেটা বলার বাইরে। ইন্টারস্টেলার যেদিন প্রথম দেখি, সেদিন থেকে আমি বহু মানুষকে বলেছি, জীবনে এই একটা ছবি সিনেমা হলে গিয়ে না দেখতে পারার আফসোস আমার সারাজীবন থাকবে। এটা যদি কোনোদিন বাংলাদেশে আসে, তাহলে আমি কয়েকবার এই ছবি সিনেমা হলে গিয়ে এক্সপেরিয়েন্স করতে চাই। এবং আমি করেওছিলাম। তবে এখনও আমার মধ্যে কিছুটা আফসোস আছে ইন্টারস্টেলারকে ঘিরে–সেটা হচ্ছে এই সিনেমা আইম্যাক্স থিয়েটারে না দেখতে পারা। কখনো পূরণ হবে কিনা জানিনা! তবে স্বপ্ন থাকতে দোষ কি? একসময় তো ভেবেছিলাম সিনেপ্লেক্সেও কখনো দেখা হবে না, সেটাও যেহেতু হয়েছে–হয়তো আইম্যাক্স থিয়েটারেও কোনো না কোনো একদিন দেখার সৌভাগ্য হবে।
বর্তমানে ভালো ভালো কিছু সাই-ফাই মুভি রিলিজ পাচ্ছে। এপ্রিলে দেখা, ‘প্রজেক্ট হেইল মেরি’ বেশ দারুণ লেগেছে। তবে যদি সত্যি বলি, আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো সাই-ফাই মুভিকে আমি ‘ইন্টারস্টেলার’-এর আগে কখনো রাখতে পারবো।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ, মিস্টার ক্রিস্টোফার নোলান। মানুষের কভার ফটোতে দেখা, “Good films make your life better”, লাইনটা আপনি আমার ক্ষেত্রে শতভাগ সত্যি করে দিয়েছেন!
